নাচের তালে সমাজের অসংগতি তুলে ধরবেন সিয়াম-পূজা

‘ইত্যাদি’র প্রতিটি বিষয়েই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রূপের কশাঘাত। সেটা গান, অভিনয়, নৃত্য-সব কিছুতেই ফুটিয়ে তোলা হয়। ঈদ ইত্যাদিতে পরিবেশিত দলীয় সংগীতও তেমনি একটি পর্ব। সমাজের নানান অনিয়ম-অসংগতি দেখে অনেকেরই দুশ্চিন্তা হয়, ক্ষোভ জন্মায়, এই বিষয়ের উপরেই তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত।

প্রতিবারই ভিন্ন ভিন্ন বিষয়ে এসব সঙ্গীতে ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীদের সঙ্গে বিভিন্ন তারকা শিল্পীদের অংশগ্রহণ থাকে। এবার এই পর্বে অংশগ্রহণ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরী। তার সঙ্গে অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পী ও অভিনয় শিল্পীগণ।

ফাগুন অডিও ভিশন জানায় শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত উৎসাহ নিয়ে আন্তরিকতার সাথে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পনসর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর।