স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন ওবায়দুল কাদের

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন। ৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উনি (ওবায়দুল কাদের) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের গেছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তার দেখাবেন।’

তিনি বলেন, ‘করোনা মহামারির কারণে দীর্ঘ দিন তিন ফলোআপের জন্য সিঙ্গাপুরে যেতে পারছিলেন না। আজ গেলেন। ফলোআপ শেষে ফিরে আসবেন।’

২০১৯ সালে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। ওই সময় ঢাকায় তাৎক্ষণিকভাবে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকেরা। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয় তাকে। গত ১৪ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে ১২ দিন চিকিৎসার পর হাসপাতাল ছাড়েন তিনি।