মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
শুক্রবার সকাল থেকেই টিকিট কাউন্টারে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ২৩ এপ্রিল থেকে। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
কমলাপুর রেলস্টেশন ছাড়াও ঢাকার আরও চারটি স্টেশন থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে অর্ধেক টিকিট কাউন্টার থেকে আর অর্ধেক অনলাইনে বিক্রি হবে। আগামী ২ মে পবিত্র ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে এসেছেন ব্যাংক কর্মকর্তা আতিকুল ইসলাম। তিনি জানান, পরিবার নিয়ে ঢাকায় থাকি। মেয়ের স্কুল ছুটি হয়েছে। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। ওদের আগেই বাড়িতে পাঠিয়ে দেব। আমি পরে যাব। আগের দিন দুপুরে টিকিট নিতে এসেছিলাম, কিন্তু পাইনি। তাই আজ সকাল সকালই এসেছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিব মাহমুদ জানান, আমার ক্যাম্পাস ছুটি হবে ২৫ তারিখ। আমি রাতে বাড়ি যাব, তাই অগ্রিম টিকিট কাটতে এসেছি। সকাল ৯ টায় কমলাপুর এসে দেখি অগ্রিম টিকিটের লাইন রাস্তা পর্যন্ত নেমে এসেছে। কি আর করা এত গরমের মধ্যে এত সময় অপেক্ষা করা সম্ভব না। কাল ভোরে সাহরি খেয়েই আসব।