কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লুচেস্টারশায়ারের সঙ্গে স্বল্প-মেয়াদি চুক্তি করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এই ইংলিশ ক্লাবটির হয়ে দীর্ঘদিন পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন ৩০ বছর বয়সী তারকা।
২০১৯ সালের আগস্টের পর আর প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যায়নি আমিরকে। টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর এসেক্সের হয়ে চ্যাম্পিয়নশিপ খেলেছিলেন তিনি। এরপর দীর্ঘদিন লাল বলের ক্রিকেটে দেখা যায়নি আমিরকে।
গ্লুচেস্টারশায়ারের হয়ে এবার তিনি তিনটি ম্যাচ খেলবেন। কাঁধের চোটের কারণে ছিটকে যাওয়া স্বদেশি পেসার নাসিম শাহর পরিবর্তে আমিরকে দলে নিল কাউন্টি ক্লাবটি।
গত মঙ্গলবার যুক্তরাজ্যে পৌঁছেছেন আমির। ম্যানচেস্টারে স্কোয়াডের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, অবসর ভেঙে জাতীয় দলেও ফিরতে পারেন আমির।
গ্লুচেস্টারশায়ারের সঙ্গে চুক্তির পর এই পেসার বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ চমৎকার প্রতিযোগিতা। গ্লুচেস্টারশায়ারের হয়ে খেলতে আমার তর সইছে না। আমি ইংলিশ কন্ডিশনে খেলতে পছন্দ করি। আশা করি, দলের জন্য ভালো পারফর্ম করতে পারব।’
প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ৬৭ ম্যাচে ২২.৫ গড় ও ২.৮৩ ইকোনোমিতে ২৬০ উইকেট নিয়েছেন আমির। ফাইফার আছে ১৩ বার। ১০ উইকেট নিয়েছেন দু’বার।