রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে দোকান মালিক ও কর্মচারীদের সংঘর্ষের মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে মকবুলকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চালককে নামিয়ে দিয়ে মকবুলের গাড়িসহ তাকে নিয়ে যাওয়া হয়।
মকবুল হোসেন নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য। গত সোমবার রাত ও মঙ্গলবার নিউমার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এতে দুইজনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও জখম করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রধান আসামি করা হয়েছে মকবুল হোসেনকে।
নিউমার্কেট সূত্র বলছে, মার্কেটের ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুড নামের যে দুই দোকানের কর্মচারীদের বাকবিতন্ডা থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়, সেই দোকান দুটি সিটি করপোরেশন থেকে মকবুলের নামে বরাদ্দ নেওয়া। তবে তিনি কোনো দোকানই নিজে চালাতেন না।