ভার্চ্যুয়াল সংলাপে বিশেষজ্ঞরা

পাতালরেল ব্যবহার করলে ঢাকাবাসীর মাসে খরচ হবে ২০-২৫ হাজার টাকা

ঢাকার জন্য প্রস্তাবিত সাবওয়ে (পাতালরেল) ব্যবহারে নিয়মিত যাত্রীদের প্রতি মাসে ভাড়া দিতে হবে ২০ থেকে ২৫ হাজার টাকা। এটি নির্মাণে প্রতি কিলোমিটারে গড়ে ব্যয় হবে ২ হাজার ৩৬২ কোটি টাকা। 

শুক্রবার দুপুরে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত এক ভার্চ্যুয়াল সংলাপে বিশেষজ্ঞরা এসব তথ্য জানান। 

‘ঢাকায় পাতালরেল প্রকল্প: টেকসই পরিবহন পরিকল্পনার প্রাসঙ্গিকতায় উপযোগিতা বিশ্লেষণ’ শীর্ষক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান। 

তিনি বলেন, ঢাকা শহরে ২০৫০ সালের মধ্যে ২৫৮ কিলোমিটার পাতালরেল নির্মাণ করতে চায় সরকার। এতে মোট ১১টি রুট থাকবে। এর মধ্যে ২০৩০ সালের মধ্যে চারটি রুট চালুর পরিকল্পনা আছে। ইতিমধ্যে এ–সংক্রান্ত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। চলতি বছরের জুন মাসে সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক নকশা তৈরির কাজ শেষ হবে। এ কাজেই ব্যয় হবে ৩১৮ কোটি টাকা।

আদিল মুহাম্মদ খান বলেন, ২৫৮ কিলোমিটার পাতালরেল তৈরিতে মোট ব্যয় হবে ৬৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। প্রতি কিলোমিটারে ব্যয় হবে প্রায় ২ হাজার ৩৬২ কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে চারটি রুট নির্মাণ করতে যে ব্যয় হবে, তা চলতি অর্থবছরে দেশের মোট বাজেটের প্রায় অর্ধেক। 

তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেসব দেশে পাতালরেল নির্মাণ করা হয়েছে, সেসব দেশের নাগরিকদের মাথাপিছু আয় আমাদের চেয়ে ২০ থেকে ৪০ গুণ বেশি।’ 

ঢাকার সমস্যা সমাধানে তিনি সাশ্রয়ী ব্যয়ে রেলপথ উন্নয়ন, পথচারীবান্ধব ফুটপাত নির্মাণ ও বাসসেবাকে উন্নত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আইপিডির পরিচালক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নগর–পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, মানুষ তার আয়ের কত শতাংশ যাতায়াতে ব্যয় করবেন, সেই বিষয়টিও বিবেচনায় নিতে হবে। পাতালরেলে নিয়মিত যাতায়াতে একজনের মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হতে পারে। তা ছাড়া পুরান ঢাকা ছাড়া শহরের অন্যান্য অঞ্চলের মাটির অবস্থাও খারাপ। এমন মাটির নিচ দিয়ে রেলপথ তৈরি করলে খরচ বেশি হয়।