তুরস্কের আন্তালায় আর্চারি বিশ্বকাপে (স্টেজ-১) আশাভঙ্গ হয়েছে বাংলাদেশের। রিকার্ভ ছেলে কিংবা মেয়েদের বিভাগে নেই কোনো সুখবর। হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। রিকার্ভ এককে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের সাগর ইসলাম ৭-১ সেট পয়েন্টে হারান ইন্দোনেশিয়ার রিয়াউ সালসাবিল্লাহকে। তৃতীয় রাউন্ডে অবশ্য ইউক্রেনের ইভান খোজহোকারের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে আর এগোতে পারেননি।
দ্বিতীয় রাউন্ডে হাকিম আহমেদ রুবেলও ৬-১ সেট পয়েন্টে হেরে গেছেন ইতালির মওরো নেসপালির কাছে। আর টোকিও অলিম্পিকে খেলা রোমান সানা হেরেছেন তুরস্কের গোরকান মারাসের কাছে ৬-৫ সেট পয়েন্ট। রিকার্ভ এককে মেয়েদের ইভেন্টে বাংলাদেশের মেয়েরা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফাহমিদা সুলতানার কেউ প্রথম রাউন্ডের বাধা পেরুতে পারেননি। এর আগে কম্পাউন্ড পুরুষদের এককে আশিকুজ্জামান। দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের মাথিয়াস ফুলারটনের কাছে ১৪৭-১৪২ পয়েন্টে হেরে বিদায় নেন।