নিউমার্কেটে সংঘর্ষ তৃতীয় পক্ষের ইন্ধনে হয়েছে : শিক্ষামন্ত্রী

ঢাকা কলেজের ছাত্র ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘এই সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয়। সবাই মনে করছেন এখানে তৃতীয় পক্ষের ইন্ধন হয়েছে। শুধু ইন্ধন নয়, একেবারে সক্রিয় অংশগ্রহণ ছিল, যার কারণে এত বড় সংঘর্ষে রূপ নিয়েছে।’

গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংঘর্ষে হতাহত শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে সহযোগিতা করা হয়েছে। তারপরেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষায় বিশ্ব র‌্যাংকিংয়ের কিছু বিষয় আমরা বুঝিই না। বুঝি না এই অর্থে যে, বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ের জন্য অনেক রকমের ফ্যাক্টর কাজ করে। সব কিছু মিলিয়ে র‌্যাংকিং ঘোষণা করা হয়। বিশ্ব র‌্যাংকিংয়ে দেশের বিশ^বিদ্যালয়গুলোর অবস্থান আরও ভালো করতে মনোযোগ বৃদ্ধি করা হচ্ছে।’