নিউমার্কেটে সংঘর্ষ

রাজনৈতিক বিবেচনায় মামলা হচ্ছে না : আইজিপি

নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাদের আসামি করা নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘নিউমার্কেটে সহিংসতায় কী ঘটেছে তা সবার কাছে পরিষ্কার। সেদিনের ঘটনার ছবি আছে, ফুটেজ আছে। এগুলো দেখেই তদন্তকাজ এগোবে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় মামলা হচ্ছে না, আর হবেও না।’

গতকাল শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘শুধু সিসিটিভি ফুটেজ নয়, প্রত্যেক সাংবাদিকের ক্যামেরায় ফুটেজ আছে। একটু ধৈর্য ধারণ করুন, পুলিশ তদন্ত করছে, নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।’