আইপিএলে জস বাটলারের তাণ্ডব চলছেই। চলতি মৌসুমে তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন ইংলিশ উইকেটরক্ষক। ওপেনিংয়ে নেমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬৫ বলে ৯ চার ও ৯ ছয়ে ১১৬ রানের ইনিংস খেলেন রাজস্থান রয়্যালস তারকা।
আইপিএলের এক মৌসুমে তিন সেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় ব্যাটার বাটলার। ২০১৬ সালে চারটি সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। বাটলার কি এবার পারবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটারের রেকর্ড ভাঙতে?
এবারের আইপিএলে টানা দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া বাটলারের দানবীয় ব্যাটিংয়ের সুবাদে ২ উইকেটে ২২২ রানের সংগ্রহ পায় রাজস্থান। জবাব দিতে নেমে ‘নো-বল’ বিতর্কের ম্যাচটিতে ১৫ রানে হারে দিল্লি।
আইপিএলের পঞ্চদশ আসরে ৮১.৮৩ গড়ে ইতোমধ্যে ৪৯১ করেছেন বাটলার। গ্রুপ পর্বে এখনো সাত ম্যাচ বাকি রাজস্থানের। এরপর যদি তারা প্লে-অফ ও ফাইনাল খেলে তবে আরও বেশ কয়েক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাবেন তিনি।
তা যদি হয় কোহলির আরেকটি রেকর্ডও ভেঙে দিতে পারেন বাটলার। ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। যা আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। বাটলার যদি এই ফর্ম ধরে রাখেন তবে, কোহলির রেকর্ড ভাঙা কঠিন হবে না।
এ মাসের শুরুতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি করেন ইংলিশ তারকা। খেলেন ১০০ রানের ইনিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেন ১০৩ রান।
এ নিয়ে আইপিএলে চতুর্থ সেঞ্চুরি পেলেন বাটলার। গত মৌসুমে পেয়েছিলেন নিজের প্রথম সেঞ্চুরি। এই ফ্র্যাঞ্চাইজি আসরে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। পাঁচ সেঞ্চুরি আছে কোহলির। বাটলারের সমান সেঞ্চুরি আছে ডেভিড ওয়ার্নারেরও। তিন সেঞ্চুরি আছে এবি ডি ভিলিয়ার্সের।