নায়ক হওয়া হলো না আন্দ্রে রাসেলের

জয়ের জন্য শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ১৮ রান। কেকেআরকে জয়টা প্রায় এনেই দিয়েছিলেন আন্দ্রে রাসেল। ইনিংসের শেষ ওভার করতে আসা স্বদেশি পেসার আলঝারি জোসেফকে প্রথম বলে হাঁকালেন ছয়।

কিন্তু পরের বলে ক্যাচ হয়ে সাজঘরে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। জয়ের সমীকরণ শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ২ বলে ৯ রানে। কিন্তু হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি কলকাতা। ৮ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাট টাইটান্স।

লক্ষ্য তাড়া করা কলকাতা থামে ৮ উইকেটে ১৪৮ রান নিয়ে। তার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫৬ রান করে গুজরাট। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৪৯ বলে ৬৭ রানের সুবাদে লড়াকু পুঁজি পায় তারা।

তবে গুজরাটের রান বাড়তে পারত আরও। কিন্তু ইনিংসের শেষ ওভার করতে এসে জাদু দেখান রাসেল। এক ওভার বল করেছেন উইন্ডিজ তারকা। তাতে মাত্র ৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। প্রথম দুই বলে দুই উইকেট নেওয়ার পর শেষ দুই বলেও নেন দুই উইকেট। 

এরপর ব্যাট হাতে কলকাতাকে জয়ের স্বপ্নও দেখান তিনি। ৭৯ রানে যখন ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছে শ্রেয়াস আয়াররা, তখন উইকেটে আসেন রাসেল। এরপর পাল্টা-আক্রমণে, ছক্কা ঝড়ে দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যেতে থাকেন তিনি। কিন্তু শেষটা ঠিকঠাক মতো হলো না। ২৫ বলে ১ চার ও ৬ ছয়ে ৪৮ রান করে হতাশা নিয়ে সাজঘরে ফেরেন ৩৩ বছর বয়সী জ্যামাইকান।

আইপিএলে এক ম্যাচে ৪০ উর্ধ্ব রান ও ৪ উইকেট নিয়ে পরাজিত দলে থাকা তৃতীয় ক্রিকেটার হলেন রাসেল। এমন ‘কীর্তি’ যুবরাজ সিংয়ের আছে দুইবার। ডেভিড ভিসে করেছেন একবার। এবার তাদের পাশে বসলেন রাসেল।

চলতি আইপিএলে এবারই প্রথম টস জেতা দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৫তম ম্যাচে এসে এমনটা ঘটল। হার্দিক পান্ডিয়ার সিদ্ধান্ত যে ভুল হয়নি, তা তো প্রমাণিত হলোই।