আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে আবার ত্রাণ নিয়ে হাজির হবে তারা: ফখরুল

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেবে তারা। আবার সেই বাড়ির সামনে গিয়ে ত্রাণ নিয়ে হাজির হবে।

নিজেরা ঘটনা ঘটিয়ে অন্যের উপরে দোষ চাপানো আওয়ামী লীগের আসল চরিত্র বলে মন্তব্য করেন তিনি।   

শনিবার ইস্কাটনের লেডিস ক্লাবে 'ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব' এর ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'আপনারা দেখেছেন যে, নিউমার্কেটের ঘটনায় নিহত নাহিদ ছিল কুরিয়ার সার্ভিসের ছোট কর্মচারী। সে ওই পথ দিয়ে যাচ্ছিল তাকে পিটিয়ে, কুপিয়ে হত্যা করেছে হেলমেটধারী সন্ত্রাসীরা। এই ঘটনায় সাংবাদিকরা যে তিনজনকে চিহ্নিত করেছেন তারা সবাই ছাত্রলীগের হেলমেটধারী সন্ত্রাসী।'

মির্জা ফখরুল বলেন, 'এখন গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা মকবুল হোসেন। তিনি শুধু গ্রেপ্তার হননি, আরো ২৪ জনের নাম দিয়ে মামলা হয়েছে তারা সবাই বিএনপির নেতা, ছাত্রদলের নেতাকর্মী। এটাই হচ্ছে আওয়ামী লীগের আসল চরিত্র। খুন করবে তারা, আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেবে তারা। আবার সেই বাড়ির সামনে গিয়ে ত্রাণ নিয়ে হাজির হবে।'

ফখরুল বলেন, 'আপনি দেখেন, তারা সন্ত্রাস ঘটিয়ে বিএনপির নাম দেয়। আগেও তারা সন্ত্রাস করেছে, আগুন জ্বালিয়ে ভাঙচুর করেছে, নাম দিয়েছে বিএনপির। এভাবে তারা অসংখ্য গায়েবি মামলা দিয়েছে। এই গায়েবি মামলা, গুম, খুন, নির্যাতন দিয়ে এরা টিকে আছে। এই না হলে তারা টিকে থাকতে পারত না।'

দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, 'করোনার সময় তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৩ হাজার কোটি টাকা লুটপাট করেছে। পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে।'

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুনুর রশীদের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম ও দপ্তর সম্পাদক ডা. ফখরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, একেএম আজিজুল হক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।