অনুগতদেরও সমর্থন হারাচ্ছেন লঙ্কান প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার বিপর্যস্ত প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার তার মন্ত্রিসভার সদস্য এবং দলের সিনিয়র নেতারাও রাজপথের বিক্ষোভে যোগ দিয়েছেন। অর্থনৈতিক সংকটের জেরে সরকারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাড়ির বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে শনিবার যোগ দিয়েছেন মিডিয়া বিষয়ক মন্ত্রী নলাকা গোদাহেওয়া। এই বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি এবং তার ক্ষমতাধর পরিবারের সদস্যদের পদত্যাগের দাবি তুলেছেন।

১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। চাপের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার দুই ভাই চমল ও বসিল এবং ভাইপো নমলকে এই মাসের শুরুতে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন। তবে এই পরিবর্তনেও সন্তুষ্ট নয় বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়া নলাকা গোদাহেওয়া এক সময়ে রাজাপাকসের প্রতি প্রবল অনুগত বলে পরিচিত ছিলেন। শনিবার তিনি বলেছেন প্রেসিডেন্টের উচিত তার বড় ভাই, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে বহিষ্কার করা।

তিনি বলেন, পরিবারের প্রধান মাহিন্দা রাজাপাকসেকে বহিষ্কার করে সব দলের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের হাতে দায়িত্ব দেওয়া উচিত।