রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২২৩ রান তাড়ায় শেষ ওভারে ৬ ছক্কার প্রয়োজন দিল্লি ক্যাপিটালসের। ৩ বলে ৩ ছক্কা হাঁকিয়ে সম্ভাবনা জাগিয়ে তোলেন ক্যারিবীয় হার্ডহিটার রোভমান পাওয়েল। তৃতীয় বলটি ছক্কা হলেও বিপত্তি বাধে বলের উচ্চতা নিয়ে। ফুল টস বলটি ‘নো’ ছিল বলে আম্পায়ারদের কাছে দাবি করেন উইকেটে পাওয়েলের সঙ্গী কুলদিপ যাদব। একই দাবি নিয়ে যোগ দেন পাওয়েলও। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠাতে বলেন তারা। কিন্তু মাঠের আম্পায়াররা তাতে কান দেননি। এতেই দিল্লি ডাগআউটে ছড়ায় উত্তেজনা। পান্থকে দেখা যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে। দুই ব্যাটসম্যানকে হাতের ইশারায় মাঠও ছাড়তে বলেন তিনি। এক পর্যায়ে দিল্লির সহকারী কোচ প্রাভিন আমরে মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। বাজেভাবে ক্ষোভ প্রকাশ করায় দিল্লি ক্যাপিটালস অধিনায়কের সঙ্গে ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে দলটির সহকারী কোচ প্রাভিন আমরেকে। পাশাপাশি তাকে নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচের জন্য। আইপিএলের আচরণবিধি ভেঙে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে দিল্লির পেসার শার্দুল ঠাকুরকেও। বাইরে থেকে কারও মাঠে ঢুকে পড়া কোনোভাবেই নিয়মের মধ্যে পড়ে না, এটা নিয়ে ম্যাচ শেষে নিজের আপত্তি জানান দলটিরই আরেক সহকারী কোচ শেন ওয়াটসন। এই ঘটনায় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। মাঠের দুই আম্পায়ারের সিদ্ধান্তে যদিও কোনো বদল আসেনি। পরে আবার খেলা শুরু হলে শেষের তিন বলে তিন ছক্কা সমীকরণ মেলাতে পারেনি দিল্লি। আসে কেবল দুই রান, আউট হন পাওয়েল। শেষ পর্যন্ত ১৫ রানে জিতে যায় রাজস্থান। দিল্লি ৭ উইকেট হারিয়ে থামে ২০৭ রানে। নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন পান্থ, প্রাভিন আমরে ও শার্দুল।