উখিয়ায় প্রায় সাত লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ৫

কক্সবাজারের উখিয়ার কড়ইবনিয়া ও নাইক্ষ্যংছড়ি গর্জনবনিয়া থেকে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গত শুক্রবার মিয়ানমার সীমান্তের ওই দুই এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার ও নারীসহ পাঁচজনকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০১৯ সালের পর এটিই এক অভিযানে বিজিবির উদ্ধার করা ইয়াবার সর্বোচ্চ চালান।

আটকরা হলোÑ জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া চরপাড়া এলাকার মাহবুব (৩০), রতœাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার সুফিয়া সুলতানা সুমি (২৬), ফাতেমা বেগম (৬৫), পশ্চিম ডিগলিলা এলাকার রফিক উল্ল্যাহ (২১) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বড়ইতলী গ্রামের রফিক আলম (৩০)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে গর্জনবুনিয়ার করবুনিয়া এলাকার ইয়াবা কারবারি  ইকবাল হোসেনের বাড়িতে ইয়াবা মজুদ রয়েছে। পরে তার বাড়িতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ সময় বাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। পরে আটক ইকবালের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে গর্জনবুনিয়া গহীন পাহাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিন রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।