রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এনজেলা খান পাপিয়া (স্বপ্না) (৩১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১২টার দিকে খিলগাঁও থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে গত রাতে দক্ষিণ বনশ্রীর কে ব্লক, রোড ১৯, ১৮৫ নম্বর ৭তলা বাড়ির ছাদের ছোট রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি খাটের ওপর শায়িত অবস্থায় ছিল। তখন তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার বাম হাতে ব্লেড দিয়ে কাটা জখম রয়েছে।
তিনি জানান, ওই বাসায় স্বামী উজ্জ্বল ব্যাপারীর সঙ্গে ভাড়া থাকতেন স্বপ্না। গতরাতে বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল যায় পুলিশ। ঘটনার পর থেকে উজ্জ্বল পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করে পালিয়েছেন তিনি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নিজাম উদ্দিনের মেয়ে তিনি। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় পৌঁছালে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। পলাতক উজ্জ্বলকে আটকের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।