বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন করা মানে নেকড়ের দ্বারা বন পাহারা দেয়ার ঘটনা। যা কিছু হোক আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। কিন্তু তার আগে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে এবং সেই পদত্যাগের যে আন্দোলন সেই আন্দোলনে এবার সবাইকে কোমর বেঁধে নামতে হবে।
তিনি বলেন, এটা জীবন মরণের প্রশ্ন। আমাদের স্বাধীনতার প্রশ্ন আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন ভোটের প্রশ্ন এগুলোর সুরক্ষার জন্য এবার জীবন পণ করে আমাদেরকে রাস্তায় নামতে হবে।
রবিবার দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আজকে দেশের প্রধান গণমাধ্যমগুলোতে আসছে নিউমার্কেটের ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। আর আসামি করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের।
তিনি বলেন, এখন আমার কাছে মনে হয় যদি কেউ আমাশয়, কলেরায় মারা যায় অভিমানে কেউ যদি আত্মহত্যা করে মারা যায় এসব মৃত্যুর জন্যও বিএনপির নেতাকর্মীর নামে মামলা দেবে।
বিএনপির এই নেতা বলেন, সবচেয়ে হিংস্র প্রাণীকে বলা হলো আমার বাড়িতে যে মুরগি ছাগল আছে এগুলো তুমি পাহারা দিবে। শেখ হাসিনার নেতৃত্বে যদি জাতীয় সরকার হয় ওই সরকার তো নেকড়ের ভূমিকা পালন করবে। নির্বাচনের আগে যদি জাতীয় সরকার হয় আর সেটার প্রধান যদি শেখ হাসিনা থাকে গতবার ভোট নিশিরাতে হয়েছে এবার হবে না হয় ভোরবেলায় অথবা সন্ধে বেলায় এই ধরনের কিছু একটা ঘটনা ঘটবে। সুতরাং এগুলো যারা বলছেন তারা প্রকারান্তরে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছেন গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়ন করছে।
সরকারের উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা কথায় কথায় উন্নয়নের কথা বলেন, একেবারে...মনে হয় উন্নয়নে দেশ সয়লাব করে দিয়েছে। আজকের যিনি ফুল বিক্রেতা ফুলবানু তার উন্নয়ন কোথায়? আজকে যে ইট ভেঙ্গে জীবিকা নির্বাহ করছে আছিয়া বেগম তার উন্নয়ন কোথায়? আপনি (শেখ হাসিনা) কিছু লুটেরা শ্রেণি তৈরি করেছেন আপনার আশীর্বাদ পুষ্ট আপনার দলের লোকেরা। তারা আবার লুটের টাকা বাংলাদেশে ব্যবহার করেনি। লুটের টাকা তারা হয় নিয়ে গেছেন কানাডা না ইংল্যান্ডে না হয় ইউরোপের কোন দেশে নিয়ে গিয়ে সেই টাকা ইনভেস্ট করেছেন। এই তো শেখ হাসিনার উন্নয়নের বৈশিষ্ট্য।
রিজভী আরও বলেন, বিএনপি সব সময় মানবতার সেবায় ব্রত হয়ে রাজনীতি করে। যেকোনো দুর্যোগময় মুহূর্তে বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়ায়। করোনার কারণে যখন মানুষের আয় ছিল না তখনো আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।
আয়োজক সংগঠনের সভাপতি ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আব্দুস সাত্তার পাটোয়ারী, ফ্লোরিডা বিএনপির আহ্বায়ক ইমরানুল হক চাকলাদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ূন কবির বেপারী উপস্থিত ছিলেন।