আইপিএলে এখন আর খেলে না পুনে ওয়ারিয়র্স। তবে একটি রেকর্ডের পাশে আছে এই নামটি। ২০১৩ সালে পুনের বিপক্ষে ক্রিস গেইলের ১৭৫ রানের সুবাদে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহে এখনো শীর্ষে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সংগ্রহটিও আরসিবির। বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৩ উইকেটে করেছিল ২৪৮ রান।
তবে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে বেঙ্গালুরুকে। সর্বনিম্ন স্কোরেও রয়েছে তাদের নাম। ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৯ রানে গুটিয়ে গিয়েছিল আরসিবি। যা আইপিএল ইতিহাসে সর্বনিম্ন স্কোর।
মোট আটবার শতরানের নিচে অলআউট হয়েছে বেঙ্গালুরু। সর্বোচ্চ ৯ বার ১০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ডটি দিল্লি ক্যাপিটালসের। চলতি আইপিএলেও শতরানের নিচে অলআউট হয়েছে আরসিবি।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৬.১ ওভারে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় কোহলিরা। ম্যাচটি তারা হেরেছে ৯ উইকেটে। ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৭২ রান করে জয় তোলে নেয় সানরাইজার্স। সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের তালিকায় চতুর্থ স্থানে আছে তাদের এই জয়। ৭২ বল হাতে জিতেছে সানরাইজার্স।