দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিতে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নালোড়ন’ । বছর জুড়ে পড়ানো ও বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব শিশুদের সাথে উদ্যাপনের পাশাপাশি ঈদে নতুন জামা কাপড়, খাবার দিয়ে ঈদ আনন্দ বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা থাকে সংগঠনটির।
এরই অংশ হিসেবে শনিবার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেয় স্বপ্নালোড়ন বাংলাদেশ। রাজধানীর ধানমন্ডিতে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রায় ২০০ শিশুকে নতুন জামা, সেমাই ও চিনি উপহার দিয়েছে সংগঠনটি।
এই আয়োজনে উপস্থিত ছিলেন ডিএমপি প্রটোকল ও প্রোটেকশন বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ, নিউ মডেল স্কুলের অধ্যক্ষ আ স ম ফিরোজ এবং স্বপ্নালোড়নের উপদেষ্টা সাংবাদিক ফয়সাল তিতুমীর। আরও উপস্থিত ছিল স্বপ্নালোড়ন বাংলাদেশ এর ৩৫ জন সদস্য ও তাদের ক্যাম্প এর শিশুরা। অনুষ্ঠানে শিশুদের কে ইফতার করানো হয়, এরপর ঈদ উপহার বিতরণ করা হয়।
২০১৫ সাল থেকে অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছে স্বপ্নালোড়ন। মিরপুর ও ইস্কাটনে দুটি ক্যাম্পে সেখানকার দরিদ্র ও পথশিশুদের নিয়মিত পড়াশোনা করায় সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।