তেঁতুলতলা মাঠ রক্ষা: বয়স ১৮ না হলেও পিয়াংশুকে হাজতে রাখার অভিযোগ

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে নেতৃত্ব দেওয়া সৈয়দা রত্নার ছেলে পিয়াংশুর বয়স ১৮ না হলেও তাকে হাজতে আটকে রাখার অভিযোগ উঠেছে।

পিয়াংশুর বোন শেউঁতি শাহগুফতা এ অভিযোগ করেন। সামাজিক মাধ্যমে নাট্যকর্মীরা পিয়াংশুকে কারগারে আটকে রাখার ছবি প্রকাশ করে ক্ষোভ জানান। 

শেউঁতি শাহগুফতা দেশ রূপান্তরকে বলেন, ৮ ঘণ্টা ধরে আমার মা আর ভাইকে আটকে রাখা হয়েছে। আমার ভাইয়ের বয়স ১৮ হয়নি। আমার ভাইকে লকআপের ভেতরে আটকে রাখা হয়েছে। মার সঙ্গে আমাকে একবার কথাও বলতে দেওয়া হয়নি। আমার মায়ের সঙ্গে কোনো কথা বলার বা আইনি শলাপরামর্শ করার অধিকার কি আমার নেই?  

পিয়াংশুর বয়স ১৫ বলে জানা গেছে। 

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শরিফ মো. ফারুকুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ওই নারীকে আটক করা হয়েছে। তিনি স্থানীয় লোকজন ও শিশুদের এনে কাজে বাধা দিয়েছেন। আটক করা দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

রবিবার সকালে ওই মাঠে পুলিশের পক্ষ থেকে স্থাপনা নির্মাণের ভিডিও ধারণ করার সময় সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংশুকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। 

এলাকাবাসী জানান, রবিবার সকাল থেকেই মাঠ ঘিরে বিপুলসংখ্যাক পুলিশের জড়ো হতে থাকে। এরপর এক পর্যায়ে রত্নাকে পুলিশ প্রথমে ঘিরে ফেলে পরে তাকে ভ্যানে তুলে নিয়ে যায়। 

পুলিশের দাবি, সরকারি কাজে বাধা দিয়েছেন সৈয়দা রত্না। তাই তাকে পুলিশের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  
এদিকে সৈয়দা রত্নাকে আটকের পর নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দ্রুত মুক্তি ও ঘটনার নিন্দা জানিয়েছে। ইমিধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ব্যাপক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে।