রত্না ও তার ছেলের মুক্তির দাবিতে তেঁতুলতলা মাঠে প্রতিবাদ সমাবেশের ডাক

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দা রত্না ও তার কিশোর ছেলেকে আটকের প্রতিবাদে প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন।

সোমবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে কয়েকটি সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন ও বিকেল ৩টায় তেঁতুলতলা মাঠে প্রতিবাদী সমাবেশ আহ্বান করা হয়েছে।

রবিবার উদীচীর আরিফ নূরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদীচী ছাড়াও বাপা, বেলা, নিজেরা করি, গ্রিন ভয়েসসহ অন্যান্য সংগঠন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলাবাগানে শিশুদের খেলার জন্য উন্মুক্ত তেঁতুলতলা মাঠ দখল করে কলাবাগান থানা নির্মাণ প্রতিরোধ এবং মাঠ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দা রত্না ও তার কিশোর সন্তানকে আটকের পর প্রায় ১০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাচ্ছে না। বারবার চেষ্টা করার পরেও পরিবারের কারো সঙ্গে দেখা করতেও দেয়া হচ্ছে না।

আরও বলা হয়েছে, বিনা অপরাধে একজন নারী ও তার কিশোর সন্তানকে আটকে রাখার প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।