না। এবার কোনো অঘটন নয়। তলানির দল স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের দ্বিতীয়পর্বের শুরুর দিন রাজশাহীর শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কিংসকে দু’ম্যাচ পরে জয়ে ফিরিয়েছেন নতুন রিক্রুট মিগেল ফিগেইরা। তাতে প্রথমপর্বে হারের প্রতিশোধও নেওয়া হয়েছে কিংসের। কিংসের জয়ের দিনে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই নতুন বিদেশির দুই গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা।
প্রথমপর্বের শেষ দুই ম্যাচে আবাহনী ও শেখ জামালের সঙ্গে ড্র করেছিল এর আগে টানা ৮ ম্যাচ জয়ী কিংস। গতকাল দলটি খেলেছে তাদের প্রথমপর্বের নায়ক রবসন রবিনহোকে ছাড়া। তবে দুই নতুন বিদেশি গাম্বিয়ান নুহা মারং ও মিগেল খেলেছেন। নাম্বার নাইন পজিশনে খেলা নুহা গোল না পেলেও অ্যাটাকিং মিডফিল্ডার করেছেন জোড়া গোল। প্রথমার্ধের দুই গোলেই কিংসের নবম জয় নিশ্চিত হয়। ১২ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলে সবার ওপরে। আইটিসি জটিলতায় কোনো বিদেশি ছাড়াই খেলতে নামা স্বাধীনতা টানা চতুর্থ হারের তেতো স্বাদ পেয়েছে। ৬ পয়েন্ট নিয়ে তারা তলানিতে রীতিমতো ধুঁকছে।
রাজশাহীতে প্রচ- গরমে দু’দলের স্বাভাবিক খেলায় ছন্দপতন ঘটেছিল। তারপরও কিংস প্রাধান্য বিস্তার করে একের পর এক আক্রমণ শানিয়েছে। চতুর্থ মিনিটেই গোল পেতে পারত দলটি। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে যান মতিন মিয়া। তার পা ঘুরে বল চলে আসে নুহার কাছে। তবে এই গাম্বিয়ানের শট ব্লক হয় রক্ষণে। ২০ মিনিটে তারিক কাজীর কাট ব্যাকে নুহার প্লেসিং শেষ মুহূর্তে রুখে দেন স্বাধীনতা কিপার সারোয়ার জাহান। ২৮ মিনিটে এগিয়ে যায় কিংস। বিশ^নাথ ঘোষের লং থ্রো আয়ত্তে নিয়ে গোলমুখে ঢুকে পড়েছিলেন খালিদ সাফিই। সেই বল আলতো টোকায় জালে জড়ান মিগেল। ৩৫ মিনিটে জোড়া গোলের দেখা পান মিগেল। ইয়াসিন আরাফাতের ক্রস সারোয়ার জাহান ফিস্ট করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল পেয়ে যান আন-মার্কড মিগেল। বুলেট গতির শটে ব্যবধান বাড়াতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান। দ্বিতীয়ার্ধে কিংস বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের জন্য মরিয়া ছিল না। ৬৯ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমকে তুলে এলিটা কিংসলেকে নামান কিংস কোচ অস্কার ব্রুজন। যদিও অনেক গুঞ্জনের পর কিংসেই থেকে যাওয়া কিংসলে পারেননি ব্যবধান বাড়াতে।
১৫ দিন বিরতির পর শুরু হওয়া দ্বিতীয়পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে বারিধারাকে কোনো অঘটন ঘটাতে দেয়নি শেখ জামাল। গোপালগঞ্জে শেখ জামাল পেয়েছে ষষ্ঠ জয়ের দেখা। চোটের কারণে নাইজেরিয়ান চিনেডু ম্যাথিউ ও অসুস্থতার কারণে গাম্বিয়ান সুলেমান সিলাহকে চুক্তির বাইরে রেখে জামাল মধ্যবর্তী দলবদলে উড়িয়ে এনেছিল দুই নতুন মুখ। প্রথম ম্যাচেই তারা আস্থার প্রতিদান দিয়েছেন। দ্বিতীয় মিনিটেই চিজিওকে আলেকুই থ্রো-ইন থেকে গোলমুখে বল পেয়ে গোলের আনুষ্ঠানিকতা সারেন। আর ২১ মিনিটে নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হন বারিধারা কিপার মামুন আলিফ। সুযোগ বুঝে তার সামনে থাকা আরেক নাইজেরিয়ান মুসা নাজারে বল জালে জড়িয়ে জামালের স্বস্তির জয় নিশ্চিত করেন। ২৪ পয়েন্ট নিয়ে শেখ জামাল এখন রয়েছে দ্বিতীয়স্থানে। আবাহনী এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয়স্থানে। আজ অবশ্য আকাশিরা সুযোগ পাচ্ছে জামালকে পেছনে ফেলার। আজ তারা খেলবে ১১তম স্থানে থাকা মুক্তিযোদ্ধার বিপক্ষে।