নথি জালিয়াতি

৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি করার অভিযোগে ট্রাস্টি বোর্ডের সদস্য মো. শাহজাহান, ছাত্রলীগ নেতাসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। শিগগিরই সংস্থাটির উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী আদালতে চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযুক্তরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি মো. শাহজাহান, ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি তরিকুল ইসলাম মুমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, ডেসপাচ রাইডার মো. রুবেল, এয়ার কমোডর (অব.) এম আব্দুস সামাদ আজাদ, ছাত্রলীগ নেতা মো. ফরহাদ হোসেন ওরফে মোরশেদ আলম ওরফে মিকি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক অফিস সহায়ক ফাতেমা খাতুন ও তার ছেলে রবিউল আউয়াল।

মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালে নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে নিয়োগের জন্য ওই বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এনামুল হক, বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. আব্দুর রউফ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর এম আবদুস সালাম আজাদের নাম প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।