মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য শূকরের কামড়ে চন্দন বাউরী (৫০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ফুলবাড়ি চা বাগানে এ ঘটনা ঘটে। তিনি একই চা বাগানের নতুন লাইনের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, চা শ্রমিক চন্দন প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাগানে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু বাগানে যাওয়ার পথে একা পেয়ে পথিমধ্যে বন্য শূকর তাকে ধাওয়া করে এসে হামলা করে। এ সময় বন্য শূকর চন্দনের মাথায় ও হাত পায়ে কামড় দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চা শ্রমিকেরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। বেলা দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী দেশ রূপান্তরকে সত্যতা নিশ্চিত করে বলেন, বন্য শূকরের আক্রমণেই চা শ্রমিক চন্দনের মৃত্যু হয়েছে। আমরা ফুলবাড়ি চা বাগানে যাচ্ছি।