নিউমার্কেটে সংঘর্ষ

ছাত্রদের সম্পৃক্ততা খুঁজতে ঢাকা কলেজের তদন্ত কমিটি

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ছাত্রদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে ঢাকা কলেজ প্রশাসন।

সোমবার তিন সদস্যের এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত ১৮ এপ্রিল ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে রাজধানীর নিউমার্কেটসহ আশপাশের বিপণিবিতানগুলোর ব্যবসায়ী, কর্মচারী ও হকারদের সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হয়, আহত হন বিবদমান দুই পক্ষের লোকজন, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি। এ ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এখন মামলাগুলোর তদন্ত চলছে।

সংঘর্ষের ঘটনায় ছাত্রদের সম্পৃক্ততা ছিল কিনা, তা খুঁজে দেখার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন।

তিনি বলেন, ‘গণিত বিভাগের অধ্যাপক অখিল চন্দ্র বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি করা হয়েছে গতকাল সোমবার। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা কলেজের বর্তমান পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘হল ফাঁকা, কোনো ছাত্র নেই। আইনশৃঙ্খলা বাহিনী তাদের মতো করে কাজ করছে, আমরা আমাদের মতো।’

গত ১৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বিতণ্ডা থেকে ওই ঘটনার সূত্রপাত। এর জেরে ১৯ এপ্রিল (গত মঙ্গলবার) দিনভর রাজধানীর মিরপুর সড়কের নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয় বিভিন্ন বিপণিবিতানের দোকানমালিক-কর্মচারী ও হকারদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মারা গেছেন দুজন (কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন ও দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন)। আহত হয়েছেন অর্ধশত ব্যক্তি।

গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র বলেছে, সংঘর্ষের সময় হেলমেট পরে এবং ধারালো অস্ত্র হাতে শুধু ছাত্ররা নন, ব্যবসায়ী-দোকানকর্মী ও হকাররাও অংশ নেন। তাঁদের শনাক্ত করা হচ্ছে। এই অস্ত্রধারীদের মধ্যে মোট ১০ জনকে এখন পর্যন্ত শনাক্ত করতে পেরেছে পুলিশ।