থেমে নেই তেঁতুলতলা মাঠে সীমানা দেয়াল নির্মাণের কাজ

প্রতিবাদের পরও থেমে নেই রাজধানীর কলাবাগান তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের কাজ।

মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা গেছে, পুলিশ সদস্যদের উপস্থিতিতে মাঠে নির্মাণ কাজ করছেন শ্রমিকেরা। তার পাশেই শিশু-কিশোরদের সেখানে খেলতেও দেখা যায়। একদিকে শ্রমিকেরা ব্যস্ত কাজে, তার পাশেই শিশু-কিশোরেরা ব্যস্ত ক্রিকেট খেলায়।

মাঠের পাশেই বাসা ৬ষ্ট শ্রেণিতে পড়ুয়া রায়হানের। ক্রিকেট খেলার ফাঁকে রায়হান দেশ রূপান্তরকে জানায়, গত চার মাস ধরে এখানে খেলতে দেওয়া হয়নি। তবে গতকাল (সোমবার) প্রতিবাদ সমাবেশের পর থেকে তারা এখানে ক্রিকেট খেলছে কেউ তাদের বাধা দেয়নি।

স্থানীয়রা জানান, মাঠে ১৫ জনের মতো পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও রয়েছেন অনেকে। 
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, সোমবার প্রতিবাদ সমাবেশ করার পরও থানার সীমানা দেয়াল নির্মাণের কাজ বন্ধ করা হয়নি। সারা রাত কাজ চলেছে। মঙ্গলবারও সকাল থেকে কাজ চলছে।

আরেক বাসিন্দা আনিস আলম জানান, সাদা পোশাকেও বেশ কয়েকজন সদস্য এখানে নিয়মিত অবস্থান করছেন। কিছু লোকজন এখানে আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করছেন। তারা মিডিয়ায় বলার চেষ্টা করছেন, যে এ জমি পুলিশকে দেওয়া না হলে অন্য কেউ দখল করে নেবে। যারা আন্দোলন করছেন, তারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে এই আন্দোলন করছেন।

মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ওপরের নির্দেশ অনুযায়ী তারা এখানে অবস্থান করছেন এবং তদারকি করছেন। শ্রমিকেরা কথা বলতে রাজি হননি। তারা মাঠের সীমানা দেয়াল নির্মাণের কাজে ব্যস্ত। 

দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তারা।

মাঠে ক্রিকেট খেলতে থাকা স্থানীয় কয়েকজন কিশোর দেশ রূপান্তরকে জানায়, এ মাঠে ভবন চায় না তারা। মাঠটি এলাকার শিশু-কিশোরদের বরাদ্দ দেওয়া হোক।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, সরকার ডিএমপিকে দেশের প্রচলিত সব আইন-কানুন মেনে এই জমি বরাদ্দ দিয়েছে। এ ক্ষেত্রে ডিএমপি কোনো ব্যক্তির বা সংস্থার জমিতে বেআইনিভাবে থানা ভবন নির্মাণ করছে না।

ডিএমপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, প্রস্তাবিত থানার জায়গা তেঁতুলতলা মাঠ থেকে কিছু দূরে কলাবাগান মাঠ রয়েছে। সেখানে বাচ্চাদের খেলাধুলাসহ সামাজিক অনুষ্ঠান করার সুযোগ রয়েছে।