আন্দোলন শুরু হয়ে গেছে, দেশি-বিদেশিদের সমর্থন আছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী সরকারের বিরূদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, তার পক্ষেে জনমত স্পষ্ট হয়ে গেছে। এখন কীভাবে শেখ হাসিনার পতন ঘটাব, সেই সিদ্ধান্ত নিতে হবে। আন্দোলন শুরু হয়ে গেছে। বিদেশিদের সমর্থন আছে, দেশেও সমর্থন আছে। এখন ফয়সালা হবে রাজপথে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এসব বলেন তিনি।

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নগরীর কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন।

প্রধান বক্তার বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সম্প্রতি দুটি সার্ভে রিপোর্ট পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। একটি সার্ভে হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আগামী নির্বাচনের পর যে জাতীয় সরকারের কথা বলেছেন সেটার পক্ষে কারা আর বিপক্ষে কারা। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ সার্ভে করেছে। প্রায় ২৫ হাজার মানুষ এতে অংশ নিয়েছে। এদের মধ্যে ৮৬ শতাংশ মানুষ বলেছেন, তারেক রহমানের সিদ্ধান্তই সঠিক। আরেকটি সার্ভে করেছে ইকোনমিস্ট পত্রিকা। আমরা যে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের কথা বলছি, সেটার পক্ষে কারা আছে সেটা নিয়ে সার্ভে হয়েছে। ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ বলেছে তারা নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের পক্ষে। সুতরাং জনমত বোঝার আর বাকি নেই। জনমত নিয়ে আর কোনো প্রশ্ন নেই। জনমত গঠিত হয়ে গেছে।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।