সিদ্ধিরগঞ্জে শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেতন-বোনাসের দাবিতে সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছেন অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় কারখানার সামনে শিমরাইল-ডেমরা সড়কে এ ঘটনা ঘটে। পরে থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল-৪) পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সঙ্গে সঙ্গেই বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়। বোনাস বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে দিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন মালিকপক্ষ।