সরকার কত ব্যর্থ ও অযোগ্য হলে ভারতের সহযোগিতা চাইতে পারে-: ফখরুল

‘র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে’ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটা সরকার কতটা ব্যর্থ ও অযোগ্য হলে এমনটা বলতে পারে।’ 

বুধবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘র‌্যাবের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার পর সরকারের উচিত ছিল যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের বরখাস্ত করা এবং আইনগত ব্যবস্থা নেয়া। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে করণীয় নিয়ে বক্তব্য দিয়েছেন। কিন্তু সরকার সেটি করছে না। সেটি না করে নতজানু ও অপদার্থ সরকার ভারতের সহযোগিতা চাইছে। আমেরিকায় প্রবাসী ভারতীয়দের সহযোগিতা চেয়েছে।’      

রাজধানীতে ভয়াবহ যানজটের বিষয়ে তিনি বলেন, ‘রাস্তায় ব্যাপক যানজট। রাজধানীবাসীর এ নিয়ে ভোগান্তি হচ্ছে। সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না। আজকে দেশ ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে। এ সংকট রাজনীতি, অর্থনীতি, মানবাধিকারসহ বিভিন্ন সংকট। আজকে গোটা রাষ্ট্র অস্তিত্বের সংকটে রয়েছে। নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় জড়িত ছাত্রলীগ। সংঘর্ষের ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছে। অথচ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।’ 

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। 

অন্যানের মধ্যে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।