সড়কে প্রাণ গেল তিন ধানকাটা শ্রমিকের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-গাজীপুর বাইপাস সড়কে জিন্দাপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জয়পুরহাট জেলার কালায় থানার শিকতা গ্রামের ধানকাটা শ্রমিক আবদুল মজিদ (৪৫), শহিদুল ইসলাম (৫০) ও মো. আয়েদ (৪৫)। নিহতরা সবাই ধানকাটা শ্রমিক।

গাজীপুর হাইওয়ে পুলিশের উপপরির্দক (এসআই) মো. ফরিদুজামামান জানান, তারা কুমিল্লায় ধানা কাটা শেষে রাতে একটি টিনের ট্রাকে করে বাইবাস সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথে জিন্দা এলাকা বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় দুই ট্রাকের। এসময় ট্রাকের উপরে থাকা টিনে কাটা পড়ে ওই তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁওয়ে লরির ধাক্কায় যুবক নিহত : রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী ব্রিজের ঢালে তেলের লরির ধাক্কায় সিএনজি অটোরিকশার এক আরোহী নিহত হয়েছে। তার সঙ্গে থাকা এনআইডি কার্ড থেকে তার নাম খলিলুর রহমান মজুমদার (৩১) বলে জানা গেছে। এই ঘটনায় অটোরিকশার চালক মো. আমির হোসেন (৩২) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টায় খলিলুরকে মৃত ঘোষণা করেন।

আহত আমির হোসেন দেশ রূপান্তরকে জানান, তিনি সিদ্ধিরগঞ্জ থেকে খলিলুর রহমান নামে ওই ব্যক্তিকে অটোরিকশায় করে উত্তরায় নিয়ে যাচ্ছিলেন। পথে ত্রিমোহনী ব্রিজের ঢালে সামনের দিক থেকে আসা একটি তেলের লরি তাদের গাড়িটিতে ধাক্কা দেয়। এতে তারা দুজনই আহত হন।

খিলগাঁও থানার এসআই আলাউল হক জানান, দুর্ঘটনার পরপরই তেলের লরিটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।