সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘উত্তরবঙ্গের দিকে সব সময় যে সমস্যা হয়, আমরা সেটা ওভারকাম করেছি। সেখানে নলকা ছিল দীর্ঘদিনের একটা সমস্যা। আমরা নলকা সেতু করে ফেলেছি। কাজেই সেখানে কোনো সংকট হবে বলে আমার মনে হয় না।’
শুক্রবার সকালে ঈদযাত্রা উপলক্ষে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘গাজীপুরের যে সমস্যা ছিল, আমার মনে হয়, এবার আর সেই সংকট হবে না। আমরা তিনটা উড়ালসড়ক খুলে দিয়েছি গাজীপুরে। সেখানে এখন নিয়মিত গাড়ি চলছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়ক ভালো আছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘একটু ভিড় দেখলেই অনেকে অনেক সময় রং রোডে (ভুল দিকে) চলে যায়। রং রোডে দু-চারটা গাড়ি গেলে এরপর পুরো এলাকা অনেকক্ষণ ধরে যানজটে থাকে। এবার বিষয়টাকে আমরা ভালোভাবে দেখছি।’
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, এবার কোনো রাস্তায় যেন কোনো অবস্থায় দুর্ভোগ না হয়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেয়াল রাখছেন।