অস্ট্রিয়ার কোচ হলেন ইউনাইটেডের রাংনিক

অস্ট্রিয়ার দায়িত্ব নিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাংনিক। তবে চলতি মৌসুম শেষে পরিকল্পনা অনুযায়ী রেড ডেভিলদের পরামর্শক হিসেবে নিযুক্ত থাকবেন তিনি।

৬৩ বছর বয়সী জার্মান কোচ অস্ট্রিয়ার সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন। মে মাসে প্রিমিয়ার লিগ মৌসুম শেষে অস্ট্রিয়ানদের দায়িত্ব নেবেন তিনি।

ফিফা র‌্যাংনিকে ২৩তম স্থানে আছেন অস্ট্রিয়া। কাতার বিশ্বকাপ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পর গত মার্চে প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ফ্রাঙ্কো ফোডা। এরপর থেকে কোচবিহীন অস্ট্রিয়া।

রাংনিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১০ জয় পেয়েছে ইউনাইটেড। গত নভেম্বরে ওলে গানার সুলশার বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ওল্ড ট্রাফোর্ডে আসেন তিনি।

আগামী মৌসুম থেকে ইউনাইটেডের দায়িত্ব নিতে যাচ্ছেন আয়াক্সের কোচ এরিক টেন হাগ। ২০১৩ সালে স্যার আলেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর রেড ডেভিলদের পঞ্চম স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেলেন এই ডাচ।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। চারে থাকা আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে। লিগে রেড ডেভিলদের বাকি আছে আর ৩ ম্যাচ।