অনুজদের মুহিত ভাই আপন করে নিতেন: তথ্যমন্ত্রী

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা দেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখা একজন প্রাজ্ঞ, বিজ্ঞ, ভদ্র মানুষকে হারালাম। তিনি আপাদমস্তক একজন ভদ্রলোক ছিলেন।

শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত প্রবীণ রাজনীতিক মুহিতের মরদেহে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। 

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ যে আজকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, সমস্ত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ যে আজকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এর পেছনে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অবদান আছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

হাছান মাহমুদ বলেন, কনিষ্ঠ ও অনুজদের মুহিত ভাই যেভাবে আপন করে নিতেন, তা ছিল অভাবনীয়। তার মৃত্যু আমাদের দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।