সেই জিতেন কান্তি গুহকে দেখতে গেলেন আমিন

চট্টগ্রামের পটিয়ায় হামলার শিকার আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে দেখতে গেলেন দলটির কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। 

রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন জিতেন কান্তিকে দেখতে যান তিনি। 

এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন আমিন। 

তিনি বলেন, হামলাকারী অপরাধী যেই হোক তার কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না।‌ অপরাধীর কঠিন শাস্তি পেতে হবে। 

গত শুক্রবার (২৯ এপ্রিল) উপজেলার পূর্ব হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে ইফতার অনুষ্ঠানের ব্যানারে চেয়ারম্যানের নাম না থাকায় চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটে।  

তিনি হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এ ছাড়া জিতেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি। আহত জিতেন কান্তিকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গাছে বেঁধে জিতেন কান্তি গুহকে মারধরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিমসহ তার ছেলেকে গ্রেপ্তার করে।