মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ভূরুঙ্গামারীর দুই গ্রামে ঈদ পালিত হচ্ছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুইটি গ্রামে ঈদুল ফিতর পালন করা হচ্ছে।

সোমবার রমজানের ত্রিশ রোজা পূর্ণ হওয়ায় আগামীকাল মঙ্গলবার ঈদ উদ্‌যাপন করবে ভূরুঙ্গামারীসহ দেশে সকল ধর্ম প্রাণ মুসলমান। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক দিন আগে চাঁদ দেখা যাওয়ায় সোমবার ঈদ উদ্‌যাপন করেছে আহলে হাদীস নামের একটি সংগঠন।

আহলে হাদীসের অনুসারীরা সোমবার সকাল ৮টায় পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের জামাল উদ্দিন হাজির বাড়ি সংলগ্ন জামে মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাতে নামজ আদায় করেন। এতে ইমামতি করেন মাওলানা মোকছেদুল ইসলাম। অপর দিকে একই ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামে সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আশরাফুল ইসলাম।

ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক নুর আলম ও ধঞ্জয় রায়ের নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দল এতে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পাইকেরছড়া ইউনিয়নের দুটি গ্রামের মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ নামাজ পড়াকে কেন্দ্রকে করে সেখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি পুলিশের রুটিন ওয়ার্ক।