ক্যানসারে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) জিহাদ হোসেন নামে এক শিক্ষার্থী ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের চতুর্থ বর্ষের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী ছিলেন।

সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিহাদ।

সহপাঠীদের মাধ্যমে জানা যায়, প্রায় তিন মাস আগে জিহাদ হোসেনের ব্লাড ক্যানসার শনাক্ত হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে জিহাদ মৃত্যুবরণ করেন।

কৃষি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. মো. মোজাহার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সে পরীক্ষার সময় এসেছিল, শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেনি। আজকে সকালে তার মৃত্যুর খবর পাই। তার মৃত্যুর সংবাদে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা শোকাহত।

এ সময় তিনি পরিবারের প্রতি সমবেদনা ও প্রকাশ করেছেন।