তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি

গত কয়েকদিন ধরে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার দাবিতে আন্দোলন চলছিল। আন্দোলনের মুখে মাঠটিতে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।

সোমবার দুপুরে গিয়ে দেখা গেছে, তেঁতুলতলা মাঠটিকে ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। মঙ্গলবার ঈদের দিন সকাল আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এই মাঠে।

মাঠের সামনে টাঙানো এক বড় সাইনবোর্ডে লেখা, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদের জামাত হবে সকাল আটটায়। এলাকাবাসীর পক্ষে ঈদের জামাতের আয়োজন করছেন উত্তর ধানমন্ডি মসজিদ কমিটি। মাঠে কোনো নির্মাণসামগ্রী দেখা যায়নি। সরিয়ে ফেলা হয়েছে ময়লা-আবর্জনা। প্যান্ডেল তৈরির জন্য পোঁতা হয়েছে বাঁশ।

স্থানীয় কিছু বাসিন্দা মাঠে ঈদের জামাত আয়োজনের কার্যক্রমের তদারক করছেন। তাদের মধ্যে আছেন তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলনকারী সৈয়দা রত্না, প্রামাণ্যচিত্র নির্মাতা স্থানীয় বাসিন্দা মাসুদ করিমসহ অন্যরা।

তেঁতুলতলা মাঠটি স্কয়ার হাসপাতালের উল্টো দিকের একটি গলিতে। এটি মূলত একটি খালি জায়গা। স্থানটি পুলিশ জেলা প্রশাসনের কাছ থেকে বরাদ্দ নিয়ে কলাবাগান থানার ভবন নির্মাণকাজ শুরু করে। মাঠটি রক্ষার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চলছিল।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন, তেঁতুলতলা মাঠে আর কোনো নির্মাণকাজ না করার জন্য। জায়গাটি যেভাবে ব্যবহার করা হতো সেভাবেই ব্যবহার হবে। তেঁতুলতলা মাঠে আর থানা হবে না। খেলার মাঠই থাকবে।

এর ফলে এ মাঠে কলাবাগান থানার জন্য ভবন হচ্ছে না। খেলার মাঠ হিসেবেই থাকছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, জায়গাটির পুলিশকে অধিগ্রহণ করে দেওয়া হয়েছে। তাই জায়গাটি পুলিশেরই থাকবে।