টানা ৬ শূন্যে লজ্জার রেকর্ড গিলক্রিস্টের

টানা তিন ম্যাচের দু'টি করে ইনিংসের প্রতিটিতেই শূন্য রান করে লজ্জার রেকর্ড গড়লেন নাথান গিলক্রিস্ট। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে ব্যাটিংয়ে নেমে টানা ৬ বার শূন্য হাতে ফিরেছেন তিনি। তার মধ্যে আবার তিনটিতে গোল্ডেন ডাক।

প্রথম শ্রেণির ক্রিকেটে একটানা ইনিংসে সবচেয়ে বেশি ৬টি শূন্য করার রেকর্ডটি এখন গিলক্রিস্টের। ইয়র্কশায়ারের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে ৩ বল খেলে শূন্য হাতে ফেরেন তিনি। দ্বিতীয় ইনিংসে মারেন গোল্ডেন ডাক।

কেন্ট প্রথম ইনিংসে ২৯১ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ইয়র্কশায়ার ৫৭১ রানের বিশাল ইনিংস গড়ে। হ্যারি ব্রুক ১৯৪ ও ডেভিড মালান করেন ১৫২ রান। ডম বেসের ব্যাট থেকে আসে ৮৯। ম্যাথু রেভিস করেন ৫০ রান। কেন্টের হয়ে গিলক্রিস্ট ব্যাট হাতে কিছু না করতে পারলেও বল হাতে নেন ৩ উইকেট। সমান ৩ উইকেট নিয়েছেন লিন্ডেও।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেন্ট ৩৯৩ করে অলআউট হয়। তবে হারের হাত থেকে কোনোভাবে রক্ষা পায় তারা। বেন কম্পটন ৯৩ রান করেন। ৯০ রান করেন গ্র্যান্ড স্টুয়ার্ড। ৮৫ রান আসে ওলি রবিনসনের ব্যাট থেকে। ইয়র্কশায়ারের স্টিভেন প্যাটারসন ৫ উইকেট নিয়েছেন। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।