এলো জেমসের নতুন গান, ঘুচল এক যুগের অপেক্ষা (ভিডিও)

প্রায় ১২ বছর পর সোমবার সন্ধ্যা সাতটায় উন্মুক্ত হলো নগরবাউলের নতুন গান ‌‘আই লাভ ইউ’। জেমস আগেই বলেছিলেন তার নতুন গানটা হবে মাঠে-ময়দানের বন্ধুদের জন্য উৎসর্গ করা। ভিডিও চিত্রেও মিলল প্রমাণ। দেখা গেল মাঠে-ময়দানে নানা বয়স-পেশা-শ্রেণির বন্ধুদের চারপাশে জেমস ঘুরে বেড়াচ্ছেন গিটার হাতে। অনুভব করছেন- তাদের প্রতি ভালোবাসার টান। মঞ্চে উঠে দ্ব্যর্থহীন কণ্ঠে সেই বন্ধুদের উদ্দেশে বলছেন- ‘আই লাভ ইউ’।

গানটি যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু। সুর-সংগীত যথারীতি জেমস। নান্দনিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। গানের কথাগুলো এমন, ও বন্ধু তোরাই আমার জান/ তোরাই আমার গান/ তোদের ছাড়া বন্ধু আর/ গাইতে চায় না প্রাণ/ মঞ্চে আমি আর মাঠে তুমি/ একই সুরে বাঁধা আছি/ একই পথের পথিক মোরা/ একই পথে চলি/ আই লাভ ইউ আইলাভ ইউ আই লাভ ইউ...।

গানের দৃশ্যে জেমস প্রকাশ করেছেন তার পুরনো ছবি ও অ্যালবামের প্রচ্ছদগুলোও। যে গানগুলোর মধ্য দিয়ে তিনি আজ এই পর্যন্ত। শুধু তাই নয়,‘আই লাভ ইউ’ প্রকাশ করার মধ্য দিয়ে অভিষেক হলো নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটালের।