ঢাকার কিছু এলাকায় ও রাজশাহীতে ৪৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাসের সঞ্চালন লাইন মেরামতের জন্য ৪৮ ঘণ্টার জন্য ঢাকার কিছু এলাকায় এবং রাজশাহী বিভাগে সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাত ১০টা থেকে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় গ্যাসের স্বল্পতা থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

এছাড়া, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সঞ্চালন লাইনে মেরামতের কাজ করবে টাঙ্গাইলের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত) এলাকায়। ফলে মঙ্গলবার রাত ১০টা থেকে শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পিজিসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কার্যক্রম চলাকালে পিজিসিএলের আওতাধীন রাজশাহী বিভাগের সব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

তবে, তিতাস ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) জানায়, বিকল্প ব্যবস্থায় ঢাকা নগরীর গ্রাহকদের জন্য গ্যাসের স্বাভাবিক সরবরাহ করা হবে।

সূত্র জানায়, গ্যাসের মূল সঙ্কটটা ঢাকা শহরের বাইরে আমিন বাজার, সাভার, হেমায়েতপুর এলাকায় হতে পারে। শ্যামপুর স্টেশন থেকে গ্যাসের প্রবাহ বাড়িয়ে মিরপুর-মোহাম্মদপুর-ধানমণ্ডি এলাকার চাহিদা পূরণের চেষ্টা করবে তিতাস।

তিতাসের জনসংযোগ শাখার কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন জানান, জিটিসিএলের সংস্কার কাজ চলার সময় তিতাসের প্রকৌশলীরাও সেখানে উপস্থিত থাকবেন। গ্যাস সরবরাহ বন্ধের আওতায় পড়াদের বড় একটি অংশ হচ্ছে সাভার ও আশুলিয়ার শিল্প ও বাণিজ্যিক গ্রাহক। তাদের কথা বিবেচনা করে খুব দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।