গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুধবার রাতে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে গভীর রাত পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চলে।
এতে সংবাদ কর্মীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ সময়ে পার্ক করে রাখা ৪/৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলা করা হয় কয়েকটি দোকান ঘরে।
আহতদের মধ্যে ২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, ২ জন টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে টুঙ্গিপাড়া থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানিয়েছেন।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় পাটগাতি গ্রামের লিটু শেখের স্ত্রী ও মেয়েরা মধুমতি নদীর পাটগাতি বাজার সংলগ্ন ঘাট এলাকায় গেলে শ্রীরামকান্দির কয়েকটি ছেলে তাদেরকে ইভটিজিং করে।
এ বিষয় নিয়ে পরবর্তীতে শ্রীরামকান্দি ও পাটগাতির মানুষেরা দুই পাশে জমায়েত হয় ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে।
একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ পরিস্থিতি চলতে থাকে কয়েক ঘণ্টা ধরে। পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ৪২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ দেয়নি বলে ওসি জানান।