রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন নাহিদ হোসেন হত্যায় সরাসরি জড়িত বলে জানিয়েছে র্যাব।
গতকাল বুধবার তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাহমুদুল হাসান সিয়াম, মোয়াজ্জেম হোসেন সজীব ও মেহেদী হাসান বাপ্পি।
সিয়ামকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়। মোয়াজ্জেম ও মেহেদীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব জানায়, সংঘর্ষকালে নিহত নাহিদ হত্যায় সরাসরি জড়িত গ্রেপ্তার মাহমুদুল। তিনি ঢাকা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গ্রেপ্তার অন্য দুজন মোয়াজ্জেম ও মেহেদী দোকানকর্মী। তাদের বিতণ্ডা, বাহাদুরি থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, নাহিদকে রড দিয়ে আঘাত করছেন মাহমুদুল। ফুটেজে একজনকে কোপাতে দেখা গেছে। তাকেও শনাক্ত করা হয়েছে। তার নাম ইমন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
র্যাব জানায়, মাহমুদুলের গ্রামের বাড়ি শরীয়তপুর। মোয়াজ্জেম ও মেহেদী কক্সবাজারে বেশভূষা পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। সেখানে তারা বিভিন্ন আবাসিক হোটেলে চাকরির চেষ্টা করছিলেন।
ঘটনার সূত্রপাত সম্পর্কে র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, নিউমার্কেটে পাশাপাশি দুটি ফাস্ট ফুডের দোকানের কর্মচারীদের মধ্যে ইফতারি বিক্রয়ের টেবিল বসানো নিয়ে বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। প্রতিশোধ নিতে দুই দোকানকর্মী মোয়াজ্জেম ও মেহেদী ফোন করে তাঁদের পরিচিত দুষ্কৃতকারীদের আসতে বলেন। পরে দুই দোকানের কর্মচারীদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে ছাত্র ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, যা সংঘর্ষে রূপে নেয়।
খন্দকার আল মঈন বলেন, সংঘর্ষকালে সাংবাদিকদের ওপর হামলা হয়। অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এসব ঘটনায় হামলাকারীদের অনেককেই শনাক্ত করা হয়েছে। যাদের শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে দোকানকর্মী ও বহিরাগত ব্যক্তিরা রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের প্রথম দফায় সংঘর্ষ বাধে। পরদিন ১৯ এপ্রিল দিনভর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে বিভিন্ন বিপণিবিতানের দোকানমালিক-কর্মচারী ও হকারদের সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুজন মারা যান। তাদের একজন কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদ হোসেন। অপরজন নিউ সুপারমার্কেটের দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন। সংঘর্ষে আহত হন অর্ধশত ব্যক্তি।
সংঘর্ষের এ ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। মোট আসামির সংখ্যা ১ হাজার ৭২৪। এর মধ্যে হত্যা মামলা দুটি, যেগুলোর তদন্ত করছে ডিবি। অন্য তিনটি মামলা তদন্ত করছে নিউমার্কেট থানার পুলিশ।
নাহিদকে হত্যার ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে ডিবি।
তারা হলেন মো. আবদুল কাইয়ুম, পলাশ মিয়া, মাহমুদ ইরফান, মো. ফয়সাল ইসলাম ও মো. জুনাইদ বোগদাদী।
ডিবি জানায়, এই পাঁচজনই ঢাকা কলেজের ছাত্র। সংঘর্ষের সময় তারা ধারালো অস্ত্র নিয়ে সামনের সারিতে ছিলেন।