‘নিঃস্বার্থ ক্রিকেটারদের’ দলে চান স্টোকস

টেস্ট ক্রিকেটটাই ইংল্যান্ডের পছন্দের খেলা। অথচ এই ফরম্যাটে এক বছরের বেশি সময় ধরে তারা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। সবশেষ ১৭ টেস্টে জয় মাত্র ১টি। টানা ৯ টেস্টে নেই জয়। টানা ৪ সিরিজ হার হজম করতে হয়েছে। এসব ব্যর্থতার জেরে বদলেছে নেতৃত্ব। জো রুটের জায়গায় এসেছেন বেন স্টোকস। তার চাওয়া দলে শুধু নিঃস্বার্থ ক্রিকেটারদের দেখতে চান তিনি।

পাকাপাকি অধিনায়ক হিসেবে স্টোকসের প্রথম সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে। তার আগে মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হলো স্টোকসের। নিজের রোমাঞ্চ ছাপিয়ে ইংল্যান্ডের নতুন অধিনায়ক অনেক পরিবর্তন চাইলেন, ‘পরিবর্তনের মতো ব্যাপারগুলো চলবে এবং আলোচনা হবে, সেগুলো এখানে (সংবাদমাধ্যমে) বলার মতো নয়। তবে মাঠের বিষয়গুলোর ক্ষেত্রে আমি নিঃস্বার্থ ক্রিকেটার দলে পেতে চাই, যারা নির্দিষ্ট দিনে ম্যাচ জেতার জন্য তারা কী করতে পারে, তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। কারণ, দিন শেষে ম্যাচ জয়ের ওপর ভিত্তি করেই সবকিছু মূল্যায়ন করা হয়।  কোন বিষয়টি আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, তার ওপর নির্ভর করতে হবে। আমার সঙ্গে আরও ১০ জনকে রাখতে চাই, যারা একই মানসিকতার।’