পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ‘মিথ্যাচার’

রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত যে রিপোর্ট ছাপা হয়েছে, সেটিও মিথ্যা ও বানোয়াট। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোহিঙ্গা শিশুদের শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ৫ হাজার ৬১৭টি লার্নিং ফ্যাসিলিটির ব্যবস্থা করেছে। ওইসব ফ্যাসিলিটির অপারেটর বা ইউনিসেফ বন্ধ-সংক্রান্ত বিষয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি।

গত ২ মে নিউ ইয়র্ক টাইমসে রোহিঙ্গা শিশুদের ৩০টিরও বেশি স্কুল বন্ধ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার সবার জন্য বিশেষ করে মেয়েদের জন্য শিক্ষা সুবিধা নিশ্চিত করার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। একইভাবে সরকার ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষাকার্যক্রমও সহজতর করছে।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শিশুদের বিনামূল্যে মিয়ানমারের কারিকুলামে শিক্ষা দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে যেন কোনো ধরনের বৈষম্য না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। ক্যাম্পের ভেতরে কোনো ধরনের অর্থের বিনিময়ে প্রাইভেট কোচিং নিরুৎসাহিত করে সরকার। এর আরেকটি কারণ হচ্ছে প্রাইভেট কোচিংয়ে মিয়ানমারের কারিকুলাম অনুসরণ করা হয় না এবং অসৎ উদ্দেশ্যে ভিন্ন মতাদর্শ প্রচারের আশঙ্কা রয়েছে।