গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নতুন পোশাক আর বাহারি খাবার-দাবারের মধ্য দিয়ে বন্দিরা এবার ঈদ উদযাপন করেছে। বন্দিদের জন্য এবারও বিশেষ উন্নত খাবার এবং নতুন পোশাক সরবরাহ করে কারা কর্তৃপক্ষ। ঈদের দিন বন্দিরা কারাগারের ভেতরে জামাতে ঈদের নামাজও আদায় করেছেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এসবের পাশাপাশি বন্দিদের অংশগ্রহণে ঈদ আনন্দ, গান-বাজনারও আয়োজন করা হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার আবদুল জলিল জানান, এখানে ঈদের নামাজের ১২টি জামাত হয়েছে। এ কারাগারে তিন হাজার বন্দি রয়েছে। তাদের মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্ত ৯৯৭ জন ও যাবজ্জীবন দ-প্রাপ্ত বন্দি রয়েছে প্রায় ৬০০ জন। দুদিন আগে ঈদ উপলক্ষে এখানে দরিদ্র ১ হাজার ২৮ জন বন্দিকে নতুন লুঙ্গি দেওয়া হয়েছে।
অন্যদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ সুপার মো. নুরুন্নবী ভূঁইয়া জানান, এ কারাগারে বন্দিদের জন্য চারটি ঈদের জামাত হয়েছে। এ কারাগারে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদী, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি কমান্ডার শাহাবুদ্দিন, ডেসটিনির পরিচালক মোহাম্মদ হোসেনসহ প্রায় দেড় হাজার বন্দি রয়েছে। তাদের মধ্যে ৭১ জন ফাঁসির এবং শতাধিক যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত বন্দি রয়েছে। এর আগে গত রবিবার ঈদ উপলক্ষে ১০০ অসহায় দরিদ্র বন্দির মধ্যে লুঙ্গি বিতরণ করা হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার মো. আমিরুল ইসলাম জানান, এখানে বন্দিদের জন্য ঈদের নামাজের চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এ কারাগারে বন্দির সংখ্যা হলো ২ হাজার ৭৯৮। তাদের মধ্যে শতাধিক ফাঁসির দ-প্রাপ্ত এবং চার শতাধিক যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত বন্দি রয়েছে। এ কারাগারে গত শনিবার ১৫০ জন দরিদ্র বন্দিকে লুঙ্গি দেওয়া হয়েছে।
অন্যদিকে মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার মোসা. হালিমা খাতুন জানান, এ কারাগারে নারী বন্দিদের জন্য ঈদের জামাত না হলেও নিজেরা নিজেদের মতো করে নামাজ/উপাসনা করেছে। এ কারাগারে নরসিংদীর জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াসহ বন্দির সংখ্যা হলো প্রায় ৭০০। তাদের মধ্যে ফাঁসির আসামি ৩০ এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত অর্ধশত। এ ছাড়া এ কারাগারে (ডে-কেয়ার সেন্টারে) মা-বন্দিদের সঙ্গে আসা ৮৪ জন শিশু রয়েছে। বিকেলে বন্দিদের অংশগ্রহণে ঈদ আনন্দ, গান-বাজনারও আয়োজন করেছে।
এবার ঈদে ২৬৫ জন দরিদ্র নারী বন্দি ও তাদের সঙ্গে থাকা ৮০ জন শিশুকে নতুন জামা দেওয়া হয়েছে। গত শুক্রবার জেলা প্রশাসক গিয়ে ওই পোশাক বিতরণ করেছেন।
ঈদের দিনে এসব কারাগারে বিশেষ খাবারের সকালে পায়েস-মুড়ি, দুপুরে মাংস-পোলাও, মিষ্টি, সালাদ, পানসুপারি এবং রাতে ভাত, রুই মাছ, ছোলার ডাল দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।