রাজধানী বাড্ডায় সাঁতারকুলে স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দিয়েছে স্বামী। গত রবিবার সন্ধ্যায় সাঁতারকুল আলীর মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ রেখা বেগমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহ আলমকে আটক করেছে পুলিশ।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পরপরই অ্যাসিডদগ্ধ নারীর স্বামী শাহ আলমকে পুলিশ আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, দুজন দুজনকে নানা কারণে সন্দেহ করত। এর জেরে স্বামী তার স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ করেছে। দগ্ধ ওই নারী শাহ আলমের দ্বিতীয় স্ত্রী এবং দগ্ধ রেখারও সে দ্বিতীয় স্বামী। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, নেখা বেগমের মুখ, গলা, হাতসহ শরীরের অনেক জায়গা দগ্ধ হয়েছে।