কিশোরগঞ্জের করিমগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হুদাকে (৩২) ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ঈদের পরদিন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
নিহত নাজমুলের মামা করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন দিদার ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার পাশের বাড়ির হিরণ, সবুজ আর ধনু মেম্বারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয় নাজমুলের। পরে বুধবার সকালে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু কান্দাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজমুলকে ছুরিকাঘাত করে তারাসহ আরও কয়েকজন।
করিমগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম সিদ্দিকী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।