পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন আহ্বান করাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন অফিস আদেশটি জারি করেন।
অফিস আদেশে বলা হয়, আগামী ৬ মে সকাল ১০টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সমন্বয়ে আব্দুল মোতালেব হাওলাদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, বাউফল উপজেলা শাখা এবং ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, বাউফল উপজেলা শাখা একই সময়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগ অফিস (জনতা ভবনে) সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন।
এই কারণে শান্তি ভঙ্গের আশঙ্কা বিদ্যমান রয়েছে। ফলে উপজেলা আওয়ামী লীগ অফিস ভবন চারপাশে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নিমিত্তে সকল প্রকার বে-আইনি সমাবেশ পরিহারকল্পে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে উপজেলা আওয়ামী লীগ অফিস জনতা ভবনের মধ্যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ অনুপ্রবেশ, সকল প্রকার সমাবেশ, মিছিল সভা আয়োজন, কোনো প্রকার বাদ্যযন্ত্র বাজানো প্রচার এবং বিস্ফোরক দ্রব্য বহন ইত্যাদি কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ আদেশ ৬ মে সকাল ৮টা হতে রাত ১০টা পর্যন্ত কার্যকর থাকবে।
উল্লেখ্য, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার পৌর মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপ এবং ফরিদ উদ্দিন আহমেদ স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ গ্রুপের নেতা হিসেবে পরিচিত।
এই উপজেলায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতারা দুটি ভাগে বিভক্ত। এ কারণে বিভিন্ন সময় তারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ নিয়ে বিগত কয়েক বছরে বাউফল উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত শতাধিক নেতাকর্মী।