উন্নয়ন যজ্ঞ দেখে সবাই নৌকায় উঠতে চায়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাড়ে ১৩ বছরের উন্নয়ন যজ্ঞ দেখে সবাই নৌকায় উঠতে চায়। তাই বলে তাদের নৌকায় উঠতে দেয়া যাবে না। মাদক কারবারি, ভূমিদস্যু, উড়ন্ত পাখি তাদের স্থান আওয়ামী লীগে নেই। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী ও দলের বিপদে হাল ধরবেন এমন কর্মীকে নেতৃত্বে আনার পরামর্শ তার। কোনো নেতার অনিয়মকে বরদাশত করা হবে না। প্রয়োজনে দল থেকে বের করে দেয়া হবে।’

শুক্রবার বিকেলে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দেশবিরোধী অপশক্তিকে সঙ্গে নিয়ে মিথ্যাচার করা আর গুজব রটানোই এখন বিএনপির রাজনীতি।

করোনাকালে আওয়ামী লীগ ২ হাজার নেতা কর্মী হারিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, করোনার দুই বছর মাঠে আওয়ামী লীগ ছাড়া আর কেউ ছিল না। বিএনপি-জামায়াত বা তাদের অন্য কোনো দল করোনায় দেশের মানুষের পাশে দাঁড়ায়নি। দেশের মানুষের পাশে দাঁড়াতে গিয়ে দুই হাজার নেতা কর্মীকে হারাতে হয়েছে।

আ. লীগ কোনো বদ্ধ জলাশয় নয় জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে। এখন শুধু আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বিজয় নিশ্চিত করা। সাড়ে ১৩ বছরের উন্নয়ন যজ্ঞ দেশের জনগণের কাছে পৌঁছে দিতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম প্রমুখ।