ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আগমন উপলক্ষে বাংলাদেশি ভূখণ্ড লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা-দহগ্রামের প্রবেশদ্বার ৩ বিঘা করিডোরের গেট কোনো রকম পূর্বঘোষণা ছাড়াই ১০৭ মিনিট বন্ধ রাখা হয়। এতে এই করিডোর ব্যবহারকারী বাংলাদেশিরা ভোগান্তিতে পড়েন।
শুক্রবার দুপুর ১১টা ১৮ মিনিটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ করিডোরের উভয় পাশের গেট দুটি বন্ধ করে দেয়। এক ঘন্টা ৪৭ মিনিট বন্ধ রাখার পর দুপুর ১২টা ৫৬ মিনিটে গেট খুলে দেওয়া হয়।
গেট বন্ধ থাকায় ওই সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা-দহগ্রামে বসবাসকারী বাংলাদেশিরা মূল ভূখণ্ডে আসা-যাওয়া করতে পারেননি।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বিএসএফ তিন বিঘা করিডোরের গেট বন্ধ করে দেয়। এতে আঙ্গরপোতা-দহগ্রামের মানুষজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকের জরুরি প্রয়োজন থাকলেও গেট না খোলা পর্যন্ত সেখানে অপেক্ষা করতে হয়েছে তাদের।’
বিএসএফ পূর্ব ঘোষণা দিলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো না, বলেন তিনি।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে তিন বিঘা করিডোর ১০৭ মিনিট বন্ধ রেখেছিল বিএসএফ। করিডোরের গেট বন্ধ রাখা হবে এমন কোনো চিঠি বিজিবিকে দেওয়া হয়নি।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন বিঘা পরিদর্শন শেষে চলে যাওয়ার পর গেট খুলে দেওয়া হয়।